ধর্মনগর, ৭ জুন : উত্তর জেলার শনিছড়া বিট অফিস সংলগ্ন রাস্তা থেকে প্রচুর অবৈধ আগর গাছের লগ উদ্ধার করেছে বনদপ্তর। তিন চাকার মালবাহী অটোতে পাচারের সময় এই আগর গাছ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি। জেলা বন দপ্তরে অটো সহ আগর গাছগুলিকে উদ্ধার করে রাখা হয়েছে।
ধর্মনগর বনদপ্তরের রেঞ্জ অফিসার হেমন্ত দেবনাথ জানিয়েছেন, এই আগর গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার হবে। তবে আগর ব্যবসায়ীদের থেকে জানা গেছে, এই গাছগুলির এভাবে মূল্য নির্ধারণ করা যায় না। কারণ এই গাছ থেকে বহু টাকার মূল্যের আগর বের হতে পারে। তাই ধারণা করা হচ্ছে এই আগর গাছের দাম আরও অনেক বেশি হতে পারে।এদিকে বনদপ্তর থেকে জানা গেছে, এই আগর গাছ আটকের পর দক্ষিণ ফুলবাড়ি থেকে কিছু মানুষ বনদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের জায়গা থেকে আগর চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন। এই বিষয়ে তারা কদমতলা থানায় লিখিত অভিযোগও জানিয়ে রেখেছেন। এই ঘটনায় সব দিক খতিয়ে দেখে মঙ্গলবার ধর্মনগরে আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছে বন দপ্তর। ঘটনার তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই আগর গাছের মালিকানা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বন দপ্তরের জনৈক আধিকারিক।

