আগরতলা, ৬ জুন৷৷ আগরতলা শহর সংলগ্ণ নন্দননগরে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ যুবকের নাম পংকজ দেব৷
ঘটনার বিবরণে জানা গেছে, নন্দননগর এলাকার বাসিন্দা পংকজ দেব পিস্তল নিয়ে এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন৷ তাকে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন জিবি আউট পোস্টের পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পিস্তলসহ পংকজ দেবকে আটক করে পুলিশ৷ তার কাছ থেকে যথারীতি একটি পিস্তল উদ্ধার করা হয়৷ অবশ্য পিস্তলের ভিতরে কোন কার্তুজ ছিল না৷ পুলিশে তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়েও তল্লাশি চালায়৷ অবশ্য বাড়িতে তল্লাশি চালিয়ে কোন আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি৷ পিস্তলসহ আটক যুবককে জিবি পুলিশ আউটপোস্ট নিয়ে যাওয়া হয়৷ তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিউ ক্যাপিটল কমপ্লেক্স থানায় সুনিদৃষ্ট মামলা গৃহীত হয়েছে৷পিস্তলসহ যুবক আটক এর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরাও ছুটে আসেন৷ মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে জানান, তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷ তবে সে কোথা থেকে পিস্তলটি সংগ্রহ করেছে এবং কেন সংগ্রহ করেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো সম্ভব হচ্ছে না৷ উল্লেখ্য রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাক্কালে নন্দননগর এলাকায় পিস্তলসহ যুবক আটক হওয়ার সংবাদে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷


















