আগরতলা, ২৫ মে (হি. স.) : নেশা বিরোধী অভিযানে আবারও ত্রিপুরা পুলিশ সাফল্য পেয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযানে গাড়ি থেকে হেরোইন উদ্ধার হয়েছে। সাথে গাড়ির চালককেও পুলিশ গ্রেফতার করেছে। নেশার বিরুদ্ধে অভিযান পুলিশের জোরদার হলেও তাতে লাগাম টানা সম্ভব হচ্ছে না।
বুধবার আমতলী থানার পুলিশ জানিয়েছে, গোপন সুত্রে খবর ছিল গাড়িতে বিপুল নেশা সামগ্রী পাচার করা হবে। সে মোতাবেক আমতলী থানার পুলিশ অভিযানে নেমেছে। রাস্তায় নাকা পয়েন্টে উৎ পেতে বসেছিল পুলিশ।
পুলিশ আধিকারিকের কথায়, সন্দেহভাজন টিআর০১এজি০৮৭৯ নম্বরের গাড়িটি আটক করেছে পুলিশ। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে হ্যান্ড ব্রেকের নীচে থেকে ৬ প্যাকেট হেরোইন উদ্ধার হয়েছে। তিনি জানান, ওই ঘটনায় গাড়ির চালক বড়জলা মহান ক্লাবের বাসিন্দা ওম সাও-কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হেরোইনের বাজার প্রায় মূল্য ৫ লক্ষ টাকা। সাথে ২টি মোবাইল ফোনও পুলিশ উদ্ধার করেছে। ধৃত গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নেশা সামগ্রী পাচারের মূল চক্রকে জালে তুলার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

