টোকিও, ২৪ মে (হি.স.): জাপানের রাজধানী টোকিও-তে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে কোয়াড নেতাদের সম্মেলনের পরই মিলিত হন মোদী ও বাইডেন। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও আমেরিকা পার্টনারশিপ প্রকৃত অর্থে আস্থার অংশীদারিত্ব। ভারত ও আমেরিকা অংশীদারিত্ব-সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে উভয়ের মধ্যে মতামত বিনিময় হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, মার্কিন বিনিয়োগ উদ্দীপক চুক্তির উপসংহারে আমাদের দুই দেশের মধ্যে বিনিয়োগে সুনির্দিষ্ট অগ্রগতি হবে বলে আমি আশাবাদী। আমাদের জনগণের মধ্যে সম্পর্ক এবং শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতাই ভারত-মার্কিন অংশীদারিত্বকে অনন্য করে তোলে। আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেগুলি আমাদের সম্ভাবনার নীচে রয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আমাদের দেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে এবং করবেও…আমরা মার্কিন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে ভারতে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য চুক্তিতে পৌঁছেছি এ জন্য আমি আনন্দিত, ভ্যাকসিন তৈরি, ক্লিন এনার্জি উদ্যোগকে সমর্থন করে। আমি আনন্দিত যে আমরা ইন্দো-মার্কিন ভ্যাকসিন অ্যাকশন প্রোগ্রাম পুনর্নবীকরণ করছি।”

