নয়াদিল্লি, ১২ মে (হি.স.): আগামী ১৬ মে, সোমবার নেপাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালে প্রধানমন্ত্রীর এটি পঞ্চম সফর হতে চলছে। বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার আমন্ত্রণে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগামী ১৬ মে নেপালের লুম্বিনীতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লুম্বিনীতে পবিত্র মায়াদেবী মন্দিরে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি লুম্বিনী ডেভেলপমেন্ট ট্রাস্ট আয়োজিত বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, লুম্বিনী মঠ অঞ্চলের মধ্যে দিল্লির ইন্টারন্যাশনাল বৌদ্ধ কনফেডারেশনের অন্তর্গত একটি প্লটে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত একটি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে “শিলান্যাস” অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। নেপাল সফরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

