শ্রীনগর, ১০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় এনকাউন্টার চলাকালীন পালিয়ে গেল সন্ত্রাসবাদীরা। মঙ্গলবার সকালে এমনটাই জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। সোমবার বিকেল থেকে শুরু হওয়া এনকাউন্টারে, রাতে গুলিবিদ্ধ হয়েছিলেন একজন সৈনিক ও দু’জন সাধারণ নাগরিক, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে একজন সাধারণ নাগরিকের। মৃতের নাম-শাহিদ গনি দার। তার বাড়ি দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার পান্ডশান এলাকায়।
জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর সোমবার বিকেল থেকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার পান্ডশান এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন জখম হন একজন সৈনিক ও দু’জন সাধারণ নাগরিক। তাঁদের আকাশপথে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত সৈনিকের নাম-সঞ্জীব দাস।

