পাটিয়ালায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে : ভগবন্ত মান; কঠোর হুঁশিয়ারি কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): পঞ্জাবের পাটিয়ালায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে, জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভগবন্ত মান বলেছেন, “পাটিয়ালায় এখন শান্তি বিরাজমান। শিবসেনা, কংগ্রেস এবং শিরোমণি অকালি দল সেখানে ছিল এবং তাঁরা ও তাঁদের কর্মী একে-অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে এবং শান্তি কমিটির সভা করা হচ্ছে।” এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, “যারা পঞ্জাবের শান্তি বিঘ্নিত করছে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কোনও ধরনের গুজব রুখতে পঞ্জাবের পাটিয়ালা জেলায় এদিন মোবাইল ইন্টারনেট পরিষেবা ও এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়। শনিবার সকাল ৯.৩০ মিনিট থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়, সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে, শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন পাটিয়ালার ডেপুটি কমিশনার। শুক্রবার পাটিয়ালার শ্রী কালীদেবী মাতা মন্দিরের বাইরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিবসেনার সদস্যরা যখন মন্দিরের সামনে থেকে একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন সেই সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গোষ্ঠীরই সদস্যরা পরস্পরের বিরুদ্ধে তলোয়ার নিয়ে এবং পাথর ছুড়ে হামলা করেন। খালিস্তান বিরোধী বিক্ষোভ চলাকালীন গ্রেফতার হন শিবসেনা নেতা হরিশ সিংলা। মিছিল চলাকালীন গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি।

পাটিয়ালায় শুক্রবারের হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে অত্যন্ত কঠোর হলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার পঞ্জাব সরকার ট্রান্সফার করেছে পাটিয়ালা রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজি)-কে। পাশাপাশি পাটিয়ালার এসএসপি ও পুলিশ সুপারকেও ট্রান্সফার করা হয়েছে। পাটিয়ালার এসএসপি ছিলেন পুলিশ অফিসার নানক সিং ও আইজি ছিলেন রাকেশ আগরওয়াল। পঞ্জাব সরকারের নির্দেশ মতো পাটিয়ালার নতুন আইজি করা হয়েছে মুখবিন্দর সিং চিন্নাকে। পাটিয়ালার নতুন সিনিয়র পুলিশ করা হয়েছে দীপক পারিককে ও নতুন পুলিশ সুপার করা হয়েছে ওয়াজির সিংকে।