শ্রীনগর, ৬ এপ্রিল (হি.স.): কাশ্মীরে ভিন রাজ্যের নাগরিকদের মাঝেমধ্যেই নিশানা করছে সন্ত্রাসবাদীরা। আক্রান্ত হচ্ছেন কাশ্মীরি পন্ডিতরাও। ‘সফট টার্গেট’ মৃত্যু রুখতে এবার কাশ্মীরের গ্রামে শুরু হয়েছে রাতের টহল। জানালেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। বুধবার কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম, যেখানে ভিন রাজ্যের বাসিন্দা ও কাশ্মীরি পণ্ডিতরা থাকেন সেই সমস্ত গ্রামে রাতের টহল শুরু করেছে পুলিশ ও সুরক্ষা বাহিনী। আইজিপি আরও জানিয়েছেন, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে মার্হ মাস অবধি কাশ্মীরে নিকেশ হয়েছে ৬৬ জন সন্ত্রাসবাদী, তাই হতাশ হয়েই সাধারণ মানুষকে টার্গেট করছে জঙ্গিরা।
কাশ্মীরের আইজিপি আরও জানিয়েছেন, সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় সমস্ত সন্ত্রাসবাদীকেই চিহ্নিত করা হয়েছে। বিজয় কুমারের কথায়, পুলওয়ামা জেলায় স্থানীয় নন এমন দু’জন শ্রমিককে হত্যা করা হয়েছে, জড়িত জঙ্গিদের আমরা চিহ্নিত করেছি। শোপিয়ানের প্রত্যন্ত গ্রামে কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলা চালানো হয়েছে, শীঘ্রই জঙ্গিদের নিকেশ করা হবে।

