জঙ্গলে গুলিবিদ্ধ যুবক

আমবাসা, ১৭ মার্চ : ধলাই জেলার আমবাসা থানা এলাকার হরিমঙ্গল ভিলেজে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম বিশিরাম রিয়াং। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, বিশিরাম রিয়াং জঙ্গলে মোরগ ধরার জন্য ফাদ পেতে বসে রয়েছিলেন। হঠাৎ তিনি গুলিবিদ্ধ হন। গুলির আওয়াজ শুনে অন্যান্য লোকজন  সেখানে ছুটে আসেন এবং ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে  প্রথমে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।