Road Accident: কানাডায় পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ ভারতীয় ছাত্রের, জখম দুই

টরেন্টো, ১৪ মার্চ (হি.স.) : কানাডায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ ভারতীয় পড়ুয়ার। শনিবার কানাডার অল্টারিও মহাসড়কে একটি ট্রাক্টর-ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুই ভারতীয়। তাঁরা কানাডার হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার টুইট করে এই ঘটনার কথা জানিয়েছেন কানাডার ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া।

কানাডায় মৃত ছাত্রদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতীয় রাষ্ট্রদূত। টরেন্টোতে আহত পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আহতদের সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছে ভারতীয় দূতাবাস।
কানাডার পুলিস জানিয়েছে, মৃতরা হলেন হরপ্রীত সিং, জসপিন্দর সিং, করণপাল সিং, মোহিত চৌহান ও পবন কুমার। তাঁদের বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে। গ্রেটার টরেন্টো এবং মন্ট্রিএল এলাকার ছাত্র ছিলেন তাঁরা। শনিবার ভোরে যাত্রীবাহী ওই ভ্যানটি ৪০১ নম্বর হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময় সেটিতে ধাক্কা মারে একটি ট্রাক্টর-ট্রেলার। এতেই প্রাণ হারান ভারতীয় পড়ুয়ারা।

দুর্ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। দুর্ঘটনায় আহত পড়ুয়াদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।