নয়াদিল্লি, ৮৯ মার্চ (হি. স.) : আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ দিনে সমস্ত স্তরের নারীদের সম্মান জানাল গুগল ডুডল। ডুডলের মাধ্যমে তুলে ধরা হল সমাজে নারীর বিভিন্ন ভূমিকাকে। কখনও সেখানে ঘর সামলানো নারী, কখনও সেখানে শিল্পী নারী, কখনও আলোকচিত্রী নারী।
প্রত্যেক বছর ৮ মার্চ বিশ্ব জুড়ে পালন করা হয় নারী দিবস। এইদিন মূলত নারীদের সম্মান জানাতে এবং সমাজে তাদের ভূমিকার প্রতি সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয়। চলতি বছরে আন্তর্জাতিক নারী দিবসের থিম হল পরিবেশ আন্দোলন এবং পরিবেশ রক্ষায় নারীর অবদান। মঙ্গলবার জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে বিভিন্ন বেশে মহিলাদের মুখ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিষেশে নারীদের সম্মান দিচ্ছে ডুডল। এরপরই চালু হবে একটি ইলাস্ট্রেটরের ভিডিও। যেখানে কখনও মায়ের ভূমিকায় তো কখনও ল্যাবে গবেষকের ভূমিকায় ধরা দিয়েছে মেয়েরা। নারীরা পারেন না, এমন কোনও কাজ নেই এ সমাজে। ওয়াইল্ড লাইভ ফটোগ্রাফি থেকে, ডাক্তারি- প্রতিক্ষেত্রেই তিনি অনন্যা। সেই বার্তাই যেন দিচ্ছে গুগলের ডুডল। ইলাস্ট্রেশনটি তৈরি করেছেন থোকা মিয়ার। গুগল ডুডলের পেজটিতে লেখা হয়েছে, “আজ আন্তর্জাতিক নারীদিবস। এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ভাষাভাষির নারীদের দৈনন্দিন জীবনযাত্রা, কাজ ও সংস্কৃতি তুলে ধরেছে ডুডল। একজন মা থেকে মোটরসাইকেল সারাইকর্মীর ভূমিকাতেও অবতীর্ণ তিনি। কীভাবে পরিবার সামলেও তাঁরা বহির্বিশ্বে অপরিহার্য হয়ে ওঠেন, এই ইলাস্ট্রেশন সে কাহিনিই ব্যক্ত করে।” \

