Manipur Election : মণিপুরে শেষ পর্বে বিকেল তিনটে পর্যন্ত ভোটের হার ৭৫ শতাংশ

ইমফল, ৫ মার্চ (হি.স.) : ৬০ সদস্যের দ্বাদশ মণিপুর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় আজ শনিবার ৩২টি আসনে ১,২৪৭টি কেন্দ্রে বিকেল ৪:০০টা পৰ্যন্ত ৭৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে থউবাল জালায় ৬৮.০১ শতাংশ, চান্দেল জেলায় ৭৪.১০ শতাংশ, উখরুল জেলায় ৭০.০৯ শতাংশ, সেনাপতি জেলায় ৭৯.১০ শতাংশ, তামেংলং জেলায় ৬১.৮৫ শতাংশ এবং জিরিবাম জেলায় ৬৪.৭০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

এদিন সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ছয়টি জেলা যথাক্রমে থউবাল, চান্দেল, উখরুল, সেনাপতি, তামেংলং এবং অসমের কাছাড় জেলার সীমান্তবর্তী জিরিবাম-এর ৪,১৮,৪০১ জন পুরুষ; ৪,২৮,৯৬৮ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ৩১ জনকে নিয়ে মোট আট লক্ষ ৩৮ হাজার ভোটার ৯২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।

এই তথ্য দিয়ে রাজ্য নির্বাচন আধিকারিক জানান, কোভিড প্রটোকল মেনে ভোটগ্রহণ চলছে। কোভিডের পরিপ্রেক্ষিতে বুথের সংখ্যা বাড়িয়ে ভোটারের সংখ্যা কমানো হয়েছে। এছাড়া ভোটের সময় বাড়ানো হয়েছে, ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

তিনি জানান, দ্বিতীয় তথা শেষ দফার ভোটে ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে দুজন মহিলা প্রার্থী রয়েছেন। দ্বিতীয় দফার ভোটে কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তাঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ইবোবি সিং, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী গাইখাংগাম, বর্তমান ক্রীড়া মন্ত্রী লেটপাও হাওকিপ, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী লোসি ডিখো, বন ও পরিবেশমন্ত্রী আওয়াংবো নিউমাই রয়েছেন। তাঁরা থউবাল, নুংবা, টেংনোপাল, মাও এবং তামেই নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২২ আসনের শেষ পর্বে ভোটের ময়দানে রয়েছেন ২২ জন বিজেপি, ১৮ জন ভারতীয় জাতীয় কংগ্রেস, ১০ জন করে জনতা দল (ইউনিইটেড) এবং নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ), ১১ জন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), দুজন করে শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) তিনজন রিপাবলিক পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে), একজন করে রাষ্ট্রীয় জনহিত সংঘর্ষ পার্টি (আরজেএসপি) ও সিপিআই এবং ১২ জন নির্দলীয় প্রার্থী।

আজ রাজ্যের শেষ পর্বের ভোটের পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় পুনর্নির্বাচনও চলছে। ইমফল পশ্চিম জেলার ২০ নম্বর ল্যাংথাবল কেন্দ্রের অন্তর্গত কেইথেলমানবি সহ চূড়াচাঁদপুর, কাংপোকপি জেলার কয়েকটি ভোটকেন্দ্রে চলছে পুনর্নির্বাচন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের প্রথম পর্বে কয়েকটি বুথে ইভিএমে ভাঙচুর করেছিল দুষ্কৃতীরা। সেই বুথগুলিতে আজ পুনর্নির্বাচন হচ্ছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৮ ফেব্রুয়রি ৩৮টি আসনে ভোটদান হয়েছে। ভোট পড়েছিল প্ৰায় ৮৮.৬৩ শতাংশ। মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, ২০১৭ সালে দু দফায় বিধানসভা নিৰ্বাচনে সৰ্বমোট ৮৬ শতাংশ ভোট পড়েছিল।