খোয়াই, ২১ জানুয়ারি : শুক্রবার ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট সাত দফা দাবির ভিত্তিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। শুক্রবার দুপুরে পাঁচজনের এক প্রতিনিধি দল খোয়াই জেলা শিক্ষা আধিকারিক সমরেন্দ্রনাথ দাসের নিকট সাত দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয়।
সাত দফা দাবির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো, কোভিড টেস্ট ও কোয়ারেন্টাইন সহ হোস্টেল চালু রাখা, নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাতিল করা,পরীক্ষার আগে সিলেবাস শেষ করা, পরীক্ষার সময় কোভিড সংক্রমণের আশংকা রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করা , কোভিড বিধি মেনে ক্যাম্পাস সচল রাখা ও কোভিড পরিস্হিতিতে শিক্ষার্থীদের সমস্ত প্রকারের ফি মুকুব করা ইত্যাদি।
জেলা শিক্ষা আধিকারিক সমরেন্দ্র নাথ দাস দাবিসমূহের সাথে সহমত পোষণ করে এসম্পর্কে দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন। ডেপুটেশনে প্রতিনিধিত্বকারী প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি প্রিয়তোষ দেব, বিভাগীয় সম্পাদক নারায়ন দাস, ছাত্রনেতা সমিত দেবরায়, সৈকত দাস ও উদয় বিশ্বাস। দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কোভিড বিধি মেনে ছাত্রসংগঠন আন্দোলনে সামিল হবে বলে জানানো হয়।

