নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : গোয়ায় আসন্ন বিধানসভা ভোটে বিজেপির প্রয়াত নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের ছেলে উত্পল পার্রিকরকে টিকিট দিল না দলের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর রাজনৈতিক মহলে নজর পড়ে। প্রার্থী তালিকায় দেশের প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের ঠাঁই না মেলায় এদিন টুইট করে আম আদমি পার্টির (আপ) প্রার্থী হওয়ার আহ্বান জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-র জাতীয় আহ্বায়ক নেতা অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি টুইট করে তাঁকে আপ দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান।
প্রসঙ্গত, ইদানীং প্রকাশ্যেই বিজেপি নেতৃত্বের সঙ্গে পানাজি কেন্দ্রের টিকিট পাওয়া নিয়ে মন কষাকষি চলছিল। তিনি অনড় অবস্থান নিয়েছিলেন, তাঁকে বাবার ছেড়ে যাওয়া পানাজি কেন্দ্রে টিকিট দিতে হবে। কিন্তু সেই দাবিকে গুরুত্বই দিল না বিজেপি। মনোহরের পানাজি আসনে তারা প্রার্থী করেছে আন্তাসিও বাবুশ মনসারেত্তেকে।

