ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

খোয়াই, ১৪ জানুয়ারি : খোয়াইয়ের বাইজালবাড়ি এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহতের নাম দীনেশ দেববর্মা। অভিযুক্তরা হলো সঞ্জয় দেববর্মা এবং অনিল দেববর্মা।


ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তারা কাজ থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার জেরে সঞ্জয় দেববর্মা ও অনিল দেববর্মা মিলে দিনেশ দেববর্মাকে ছুরি দিয়ে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাইজালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।


ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে নিহতের পরিবারের লোকজন জানান, সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ মামলা গ্রহণ করে  ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।