এটিকে মোহনবাগানে ফের করোনার থাবা, বাতিল প্র্যাকটিস, অনিশ্চিত শনিবারের ম্যাচ

কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স) : ফুটবল মাঠে ক্রমেই থাবা চওড়া হচ্ছে করোনার। এটিকে মোহনবাগান শিবিরে ফের মারণ ভাইরাসের জেরে বাতিল করে দেওয়া হল বৃহস্পতিবারের প্র্যাকটিস। এমন পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়ল আইএসএলের ১৫ জানুয়ারি এটিকে মোহনবাগানের ম্যাচও।

সবুজ-মেরুন শিবিরে আগেই করোনা হানায় বাতিল হয়েছিল ওড়িশার বিরুদ্ধে ম্যাচ। তবে পরিস্থিতি সামলে ফের মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফেরান্দোর ছেলেরা। সেই মতো আজ চার ফুটবলার, রয় কৃষ্ণ, শুভাশিস বসু, কার্ল ম্যাকহিউ ও সন্দেশকে ছাড়াই অনুশীলনে নামার কথা দিল দলের। অনুশীলনে নামার আগে এদিন ফের দলের প্রত্যেকের করোনা টেস্ট করা হয়। আর তাতেই দেখা যায় এক সাপোর্ট স্টাফের রিপোর্ট পজিটিভ। তিনি দলের অনেকেরই সংস্পর্শে এসেছেন বলে খবর। তাই কোনও ঝুঁকি না নিয়ে প্র্যাকটিস বাতিল করে দেওয়া হয়।


এদিন বিকেলে ফের আরেক দফা করোনা টেস্ট হচ্ছে বাকি ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের। আক্রান্ত ব্যক্তির থেকে কেউ সংক্রমিত হয়েছেন কি না, তা নিশ্চিত করতেই আবারও নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। সেই রিপোর্ট হাতে মিলবে শুক্রবার সকালে।আর তার উপরই ঝুলে রয়েছে শনিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সবুজ-মেরুনের ম্যাচের ভাগ্য।