উত্তর প্রদেশে এবার ধাক্কা খেল কংগ্রেস, ৪-বারের বিধায়ক গজরাজ আরএলডি-তে শামিল

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে এবার জোরালো ধাক্কা খেল কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এ যোগ দিলেন প্রবীণ নেতা ও ৪-বারের কংগ্রেস বিধায়ক গজরাজ সিং। উত্তর প্রদেশের হাপুর বিধানসভা আসনের কংগ্রেস বিধায়ক হলেন গজরাজ সিং। আরএলডি প্রধান জয়ন্ত সিং গজরাজকে দলে স্বাগত জানিয়েছেন।

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে দল বদলের পালা চলছে। কখনও বিজেপি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন শীর্ষ নেতারা, আবার কংগ্রেস ত্যাগ করছেন অনেকেই। এবার কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এ যোগ দিলেন হাপুরের কংগ্রেস বিধায়ক গজরাজ সিং। গজরাজের সঙ্গে ছবি টুইটারে আপলোড করে একথা জানিয়েছেন জয়ন্ত সিং। উল্লেখ্য, ১৯৮৫, ১৯৮৯, ১৯৯৩ ও ২০১২ সালে কংগ্রেসের টিকিটে হাপুর থেকে জিতেছিলেন গজরাজ সিং। এখনও পর্যন্ত কংগ্রেসের টিকিটে ৭টি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।