নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): যুবসমাজকে দেশের উন্নয়নের চালিকাশক্তি হিসাবে বিবেচনা করে ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পুদুচেরিতে আয়োজিত জাতীয় যুব উৎসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “জনসংখ্যা ও গণতন্ত্র-ভারতের এই দু’টি সীমাহীন শক্তি রয়েছে, গোটা বিশ্ব তা মেনে নিয়েছে। ভারতীয় যুবসমাজ জনসংখ্যাগত লভ্যাংশের সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধও বহন করেন।” বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পুদুচেরিতে আয়োজিত ২৫ তম জাতীয় যুব উৎসবের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রিমোটের বোতাম টিপে এমএসএমই মন্ত্রকের একটি প্রযুক্তি কেন্দ্র এবং পেরুন্থলাইভার কামারাজার মণিমণ্ডপম, একটি ওপেন-এয়ার থিয়েটার-সহ অডিটোরিয়ামের উদ্বোধন করেছেন।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “পুদুচেরিতে এমএসএমই প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন হল। ‘আত্মনির্ভর ভারত’ তৈরিতে এমএসএমই সেক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকে যা বদলে দিচ্ছে আমাদের এমএসএমই-র সেই প্রযুক্তিগুলি ব্যবহার করা খুবই আবশ্যিক, নতুন এমএসএমই কেন্দ্র সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” ভার্চুয়ালি অনুষ্ঠানে ঋষি অরবিন্দকেও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। বলেন, এ বছর শ্রী অরবিন্দর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করছি আমরা, পুদুচেরির সঙ্গে যাঁরা বিশেষ সম্পর্ক ছিল। পুদুচেরিতে আয়োজিত জাতীয় যুব উৎসব ভারত মাতার এই মহান সন্তানকে উৎসর্গ করা হচ্ছে।” জাতীয় যুব উৎসব অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, “জনসংখ্যা ও গণতন্ত্র-ভারতের এই দু’টি সীমাহীন শক্তি রয়েছে, গোটা বিশ্ব তা মেনে নিয়েছে। ভারতীয় যুবসমাজ জনসংখ্যাগত লভ্যাংশের সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধও বহন করেন। যুবসমাজকে দেশের উন্নয়নের চালিকাশক্তি হিসাবে বিবেচনা করে ভারত।”
প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের তরুণ প্রজন্মের মধ্যে যদি প্রযুক্তির আকর্ষণ থাকে, তবে গণতন্ত্রের চেতনাও রয়েছে। বর্তমানে ভারতীয় যুবকদের যদি পরিশ্রম করার ক্ষমতা থাকে, তবে ভবিষ্যতেরও স্পষ্টতা রয়েছে। তাই ভারত এখন যা বলে, বিশ্ব তা আগামীকালের কণ্ঠস্বর বলে মনে করে।” মোদীর কথায়, “বর্তমানে ভারত যে স্বপ্ন দেখে, যে সংকল্প নেয়, সেই স্বপ্নে ভারতের পাশাপাশি বিশ্বের ভবিষ্যৎও দৃশ্যমান। ভারতের ভবিষ্যৎ, বিশ্বের ভবিষ্যৎ এখন তৈরি হচ্ছে।”

