ক্রাইস্টচার্চ, ১১ জানুয়ারি (হি.স.) : ইতিহাস গড়া হল না প্রথম টেস্ট জিতে আশা জাগান বাংলাদেশের । ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে কার্যত উড়িয়ে দিল কিউয়ি ব্রিগেড । প্রথম ইনিংসে ৩৯৫ রানের বিশাল লিড নিয়েছিল নিউজিল্যান্ড। ফলো অন করানোর পরে ব্যাট করতে নেমে শতরান করেন লিটন দাস। তাও হার বাঁচানো যায়নি। নিউজিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। ফলে ১-১ ব্যবধানে শেষ হল সিরিজ।
এই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। তাঁর এই সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য গড়ে দিল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় নিউজিল্যান্ড। ওপেন করতে নেমে ২৫২ রান করেন নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম। অপর ওপেনার উইল ইয়াং করেন ৫৪ রান। তিন নম্বরে ব্যাটিং করতে নামা ডেভন কনওয়ে করেন ১০৯ রান। ৫৭ রান করে অপরাজিত থাকেন টম ব্লান্ডেল। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নেন ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। একটি উইকেট নেন মোমিনুল।
বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১২৬ রানে। ৫৫ রান করেন ইয়াসির আলি। ৪১ রান করেন নুরুল হাসান। এছাড়া অন্য কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। ৫ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৩ উইকেট নেন টিম সাউদি। ২ উইকেট নেন কাইল জেমিয়েসন। এরপর ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১০২ রান করেন লিটন দাস। নিউজিল্যান্ডের হয়ে জেমিয়েসন ৪, নিল ওয়্যাগনার ৩ এবং সাউদি, ড্যারিল মিচেল ও রস টেলর একটি করে উইকেট নেন।
প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং সব বিভাগেই নিউজিল্যান্ডকে টেক্কা দিয়েছিল তারা। দুই টেস্টের সিরিজ হওয়ায় সিরিজ জয়ের আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু সেই স্বপ্ন পূরণ বল না। দ্বিতীয় টেস্টে লজ্জার হার ভেঙে দিল সব আশা। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের কাছে অনেকটাই দুর্বল দল ছিল বাংলাদেশ। কিন্তু মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে তারা গোটা ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছিল। দ্বিতীয় টেস্টে হারের ফলে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়ে গেল।

