Fire: নিউইয়র্কের আবাসনে বৈদ্যুতিক হিটার থেকে আগুন, মৃত্যু ৯ শিশু-সহ ১৯ জনের

নিউইয়র্ক, ১০ জানুয়ারি (হি.স.): নিউয়র্কের আবাসনে বৈদ্যুতিক হিটার থেকে আগুন লেগে প্রাণ হারালেন কমপক্ষে ১৯ জন। মৃত ১৯ জনের মধ্যে ৯টি শিশু। আমেরিকার সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে ভয়াবহ আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রবিবার। আতঙ্কে ও প্রাণে বাঁচতে জানালা থেকে ‘বাঁচাও, বাঁচাও’ করে চিৎকার করতে থাকেন আবাসিকরা। প্রতিটি তলেই আটকে পড়েছিলেন আবাসিকরা।

মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, “আবাসনের আগুনে ৯টি শিশু-সহ ১৯ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৬৩ জন জখম হয়েছেন। অনেকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।” নিউয়র্কের ব্রঙ্কস শহরে অবস্থিত ১৯-তলা আবাসনের দ্বিতীয় ও ত্রুটি তলায় বেলা এগারোটার কিছু আগে আগুন লাগে। অন্ততপক্ষে ২০০ জন দমকল কর্মী অক্লান্ত পরিশ্রম করেন আগুন নেভানোর জন্য। তৃতীয় তলার জানালা থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া গলগল করে বেরোতে থাকে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি ১৯ জনকে। পাশাপাশি জখম অবস্থায় ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।