বাংলাদেশ ফেরত দুই জনের দেহে মিলল করোনার সংক্রমণ, পাঠানো হয়েছে পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে

আগরতলা, ১০ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বেড়েছে করোনার প্রকোপ, তাই এখন শুধু নেগেটিভ সার্টিফিকেট যথেষ্ট নয়। আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে(আইসিপি) বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশে সমস্ত যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, ২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে।
আইসিপি কর্তৃপক্ষের দাবি, আজ বাংলাদেশ থেকে ৯৮ জন যাত্রী ত্রিপুরায় এসেছিলেন। তাঁদের মধ্যে দুই জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাই, তাঁদের বাংলাদেশ ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্ত, বাংলাদেশ প্রশাসন তাঁদের সে দেশে থাকার অনুমতি দেয়নি। তাই, বিকেলে তাঁদেরকে আগরতলায় পিআরটিআই-তে কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
ওই আধিকারিকের কথায়, সকালে ত্রিপুরার জনৈক ব্যবসায়ীর বাংলাদেশ থেকে আসার পর করোনার নমুনা পরীক্ষায় সংক্রমণ চিহ্নিত হয়েছিল। তাই, তাঁকে বাংলাদেশ ফেরত পাঠানো হয়। তিনি গতকাল ত্রিপুরা বাংলাদেশ গিয়েছিলেন। তেমনি দুপুরে অপর একজনের দেহে করোনার সংক্রমণ চিহ্নিত হওয়ায় তাঁকেও বাংলাদেশ ফেরত পাঠানো হয়। কিন্ত, বাংলাদেশ প্রশাসন তাঁদের সে-দেশে থাকার অনুমতি দেয়নি। তাই, আইসিপি-তে সমস্ত যাত্রী বাড়ি ফিরে যাওয়ার পর তাঁদের এনে পিআরটিআই-তে পাঠানো হয়েছে।
পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের তরফে জানানো হয়েছে, আইসিপি-তে এভাবেই প্রতিদিন করোনার নমুনা পরীক্ষা করা হবে। সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।