কলিয়াবর (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরের জখলাবন্ধায় উদ্ধার হয়েছে আরও ৩১টি চোরাই গরু। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে চার গরু পাচারকারীকে। গরু পাচারে জড়িত অভিযোগে সামাগুড়ির শরিফুল ইসলাম ও আবু হানিফা এবং রূপহিহাটের হাকিম আলি ও রঞ্জন আলিকে গ্রেফতার করেছে জখলাবন্ধা পুলিশ। এদিকে উদ্ধারকৃত গরুগুলিকে নগাঁওয়ে গোশালায় পাঠানো হয়েছে।
কলিয়াবরের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) মৃণ্ময় দাস জানান, এক গোপন সূত্ৰে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাতে জখলাবন্ধা থানার অফিসার সহ পুলিশের এক দল জখলাবন্ধায় ৩৭ নম্বর জাতীয় সড়কের নির্দিষ্ট স্থানে টহল দিচ্ছিলেন তাঁরা এক সময় এএস ০১ জেসি ১৭৬৩ এবং এএস ০২ সিসি ২৯১৮ নম্বরের দুটি ট্ৰাকের গতিরোধ করেন পুলিশের অভিযানাকারীরা। ট্রাক দুটিতে তালাশি চালিয়ে ৩১টি চোরাই গরু উদ্ধার করেছেন তাঁরা, জানান এসডিপিও মৃণ্ময় দাস। গরুগুলি উদ্ধারের পর দুই ট্রাক সহ শরিফুল ইসলাম, আবু হানিফা, হাকিম আলি এবং রঞ্জন আলিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গবাদি পশু সুরক্ষা সংক্রান্ত নির্দিষ্ট আইনে মামলা নথিভুক্ত করে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের প্রদত্ত বয়ানের উদ্ধৃতি দিয়ে এসডিপিও জানান, গরুগুলি সবোকাখাটের বিহাড়া এবং চিন্তামণি গড় থেকে কোনও বৈধ নথিপত্র ছাড়া পাচার করার কথা ছিল তাদের।

