Covid Vaccine: ভারতে ১৪৭.৭২-কোটির বেশি টিকাকরণ, ঊর্ধ্বমুখী নমুনা পরীক্ষাও

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): টিকাকরণ অভিযানে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৯৬ লক্ষাধিক প্রাপক। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় মঙ্গলবার সারাদিনে টিকা নিয়েছেন ৯৬ লক্ষ ৪৩ হাজার ২৩৮ জন প্রাপক। ফলে ভারতে ১৪৭.৭২-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১,৪৭,৭২,০৮,৮৪৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে ৬৮.৩৮-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ জানুয়ারি সারা দিনে ভারতে ১৩,৮৮,৬৪৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৮,৩৮,১৭,২৪২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৩,৮৮,৬৪৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ০৯৭ জন।