Home / অমিতাভের বাড়িতে পৌঁছল করোনা, সংক্রমিত একজন কর্মী

অমিতাভের বাড়িতে পৌঁছল করোনা, সংক্রমিত একজন কর্মী

মুম্বই, ৫ জানুয়ারি (হি.স.): এবার অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’-তেও পৌঁছে গেল করোনাভাইরাস। কোভিডে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চনের বাড়ির একজন কর্মী। গত ২ জানুয়ারি অমিতাভের বাড়ির কর্মীদের করোনা-পরীক্ষা করানো হয়। ৩১ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে। টুইটারে অমিতাভ লিখেছেন, ‘বাড়ির কোভিড পরিস্থিতি সামলাচ্ছি। আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে।’

এর আগে ২০২০ সালে করোনা-আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন এবং তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চনের শরীরেও বাসা বেঁধেছিল এই মারণ ভাইরাস। চিকিৎসার পর একে একে সেরে ওঠেন বচ্চন পরিবারের সদস্যরা। এবার তাঁদের বাড়ির একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, অমিতাভ বচ্চনের বাড়ির একজন কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। তিনি উপসর্গহীন।