সিডিএস-এর চপার দুর্ঘটনা : রাজনাথের কাছে তদন্ত রিপোর্ট জমা দিল বায়ুসেনা

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত রিপোর্ট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে তুলে দিল ভারতীয় বায়ুসেনা। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী। কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছিল বিপিন রাওয়াতের হেলিকপ্টার সেই রিপোর্টই এদিন প্রতিরক্ষা মন্ত্রীর কাছে জমা দিয়েছে বায়ুসেনা।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর প্রয়াত হন ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার কবলে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টার। তাতে ছিলেন সস্ত্রীক সিডিএস এবং আরও কয়েকজন সেনা আধিকারিক। মৃত ১৩ জনের মধ্যে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত। কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় শেষ জীবিত ব্যক্তি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং, আশঙ্কাজনক অবস্থায় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। ১৫ ডিসেম্বর তিনিও মারা যান।