কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): স্থিতিশীল রয়েছেন করোনা-আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্বাভাবিকভাবেই খাবার খেতে পারছেন সৌরভ। ঘরে বসে টেলিভিশনও দেখেছেন, কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গে। তবে, স্থিতিশীল সৌরভ এখনই বাড়ি ফিরতে পারছেন না, শুক্রবার জিন পরীক্ষার পরই বাড়ি ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সৌরভ ওমিক্রন আক্রান্ত কি না, তা জানতে ইতিমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আসবে জিন পরীক্ষার রিপোর্ট। রিপোর্ট হাতে আসার আগে তাঁকে ছাড়া না-ও হতে পারে। সৌরভের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই, হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আর জ্বর আসেনি বলে জানা গিয়েছে। চিকিৎসকরা সর্বদা তাঁকে পর্যবেক্ষণে রাখছেন।

