নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ নিম্ন মানের পাথর ব্যবহার করে ত্রিপুরা মিজোরাম সংযোগী এন এইচ ৪৪ এ সড়ক নির্মাণের অভিযোগ উঠলো আর এস বি নামক নির্মাণ সংস্থার বিরুদ্ধে।কাঞ্চনপুর থেকে ভাংমুন পর্যন্ত কুড়ি কিলোমিটার অরুনাচল প্রদেশের নিম্ন মানের পাথর ব্যবহার করে চলছে জাতীয় সড়কের কাজ।দাবি উঠছে সুষ্ঠ তদন্তের।
ঘটনার বিবরনে প্রকাশ,কেন্দ্র সরকারের অনুমোদনে আসাম আগরতলা জাতীয় সড়কের লংতরাই ভ্যালি মহকুমার মনু থেকে মিজোরাম সংযোগী ভায়া ছৈলেংটা হয়ে কাঞ্চনপুর,ভাংমুন বিকল্প জাতীয় সড়ক ৪৪ এ তৈরির বরাত পায় এন এইচ আই ডি সি এল।এন এইচ আই ডি সি এল সংস্থাটি কাঞ্চনপুর থেকে ভাংমুন পর্যন্ত প্রায় কুড়ি কিলোমিটার কাজের বরাত দেয় রাজস্থানের আর এস বি(রাজেন্দ্র সিং বাহম্ব্) নামক নির্মাণ সংস্থাকে।দুইশো পঁচিশ কোটির অধিক অর্থ রাশির কাজের বরাত পেয়ে নির্মাণ সংস্থা আর এস বি গত বছরের জুলাই মাসের কুড়ি তারিখ কাজে হাত লাগায়। কিন্তু কাজ শুরুর পর কাঞ্চনপুর-ভাংমুনের উঁচু উঁচু পাহাড় কাটতে গিয়ে বড় বড় পাথর বেরিয়ে আসলে চক্ষু চড়কগাছ হয়ে পড়ে উক্ত নির্মাণ সংস্থাটির।তারপর জম্পুই এলাকায় একটি অস্থায়ী পাথর ভাঙার ক্রেশার মেশিন বসিয়ে বড় বড় পাথর গুলি ভাঙ্গা হয়। পরবর্তীতে ত্রিপুরা সরকারের বন দপ্তরের প্রাকৃতিক অপরিপক্ক পাথর দিয়ে উক্ত কুড়ি কিলোমিটারে কাজ শুরু করে আর এস বি নামক নির্মাণ সংস্থা। কিছুদিন ত্রিপুরা সরকার অনুমোদিত ছাড়াই সরকারি অপরিপক্ক পাথর দিয়ে জাতীয় সড়ক নির্মাণের পর ঘটনাটি উত্তর জেলা বন দপ্তরের নজরে আসে।
এরপর কাঞ্চনপুর বন দপ্তরের উদ্যোগে উক্ত নির্মাণ সংস্থার পাথর ভাঙার ক্রেশার মেশিন বন্ধ করে দিয়ে ত্রিপুরা সরকারের পাথর গুলি বাজেয়াপ্ত করে বন দপ্তর।কিন্তু পরবর্তীতে নির্মাণ সংস্থা আর এস বি অধিক মুনাফার লোভে তাদের পদ্ধতি বদল করে কাঞ্চনপুর টু ভাংমুন জাতীয় সড়কে মেঘালয়ের পরিপুষ্ট পাথর ব্যবহার না করে অরুনাচল প্রদেশ থেকে অতি নিম্ন মানের পাথর এনে পুনরায় কাজ শুরু করে।জানা গেছে ইতি মধ্যে নির্মাণ সংস্থা ট্রেন যোগে দুই রেক পাথর অরুনাচল প্রদেশ থেকে রাজ্যে ঢুকিয়ে কাজ শুরু করেছে। উক্ত জাতীয় সড়কের কাজে ব্যবহৃত পাথরের গুনগতমান এতটা খারাপ যে, যেকোনো মানুষ হাতের মুঠোয় নিয়ে পাথর অনায়াসে গুঁড়ো করে দিতে পারবে বলে অভিযোগ।
অনেকে অভিযোগ করে বলেছেন অরুনাচল প্রদেশের নিম্ন মানের পাথর দিয়ে এতবড় জাতীয় সড়কের কাজ হলে নির্মানের কিছুদিনের মধ্যেই উক্ত সড়কটি ধ্বংস হয়ে যাবে।অধিক মুনাফার আশায় আর এস বি নামক নির্মাণ সংস্থা নিম্নমানের পাথর দিয়ে জাতীয় সড়কের কাজ করছে।তবে নির্মাণ সংস্থার রক্ত চোখের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও কান পাতলেই নির্মাণ সংস্থার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের কথা শুনা যাচ্ছে।কেন্দ্রের মোদী সরকার দুহাত উজাড় করে প্রান্তিক রাজ্য ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।আর সর্বপ্রথম ত্রিপুরা রাজ্যের সাথে অনান্য রাজ্য গুলির সঠিক যোগাযোগ ব্যবস্থার জন্য ইতিমধ্যে ঢালাওভাবে জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে।কিন্তু কতিপয় কিছু নির্মাণ সংস্থা তাদের ব্যক্তিগত মুনাফার লোভে কেন্দ্র ও রাজ্য সরকারকে বদনাম করছে।যার খেসারত পোহাতে হবে রাজ্য বাসীকে।তাই দাবি উঠছে সুষ্ঠ তদন্তের।

