সংক্ৰমণ ও মৃত্যু ফের বাড়ল ভারতে, দেশে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): কোভিডের নতুন প্রজাতি ওমিক্রন রোজই চিন্তা বাড়াচ্ছে ভারতে। ওমিক্রন উদ্বেগের মধ্যেই দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা। শুক্রবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৭,২৮৬ জন, ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৭,৭০,৩২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৪৮৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭,১৮৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২২ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৬৬ লক্ষ ০৯ হাজার ১১৩ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৪১,০১,২৬,৪০৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ভারতে শনিবার সকাল পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৫-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৮৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৭৯,৫২০ জন (১.৩৮ শতাংশ)। করোনার প্রকোপের মধ্যে সুস্থতাই রোজ স্বস্তি দিচ্ছে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৭,২৮৬ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪২,২৩,২৬৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪০ শতাংশ।