কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): ব্যবধান অল্প স্বল্প নয়, অনেক বেশি। ১০৯ নম্বর ওয়ার্ডে ৩৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ তাঁর সামনে দাঁড়াতেই পারেনি। গণনা শুরু হওয়ার পর থেকেই অনন্যা এগিয়ে ছিলেন, শেষমেশ তিনি জয়ী হন। ১০৯ নম্বর ওয়ার্ডে অনন্যা পেয়েছেন ৮২ শতাংশ ভোট। পুরভোটে যা বেশ বিরল। নির্বাচনে রীতিমতো দাপট দেখিয়ে জয়ী হয়েছেন অনন্যা।
সিপিএমের ‘শক্ত দুর্গ’ হিসেবে পরিচিত পূর্ব যাদবপুরের ওই এলাকায় ২০১৫ সালের পুরভোটে অনন্যাকে প্রার্থী করেছিল তৃণমূল। সে বার ত্রিমুখী লড়াইয়ে অনন্যার বিরুদ্ধে বিজেপি-র প্রার্থী ছিলেন আর এক অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়। কিন্তু দেবিকাকে হারিয়ে পুরসভায় যান অনন্যা। এবারের পুরভোটে বড়সড় ব্যবধানে জিতলেন প্রাক্তন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়।

