Ramnath Kovind: ঢাকার উদ্দেশে রওনা রাষ্ট্রপতি, বাংলাদেশে একাধিক কর্মসূচি রামনাথ কোবিন্দের

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপনে অংশ নিতেই ঢাকা রওনা হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণেই রামনাথ কোবিন্দ তিন দিনের সফরে বাংলাদেশে রওনা হয়েছেন।

বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন ভারতের রাষ্ট্রপতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিন দিনের সফরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি।