শ্রীনগর, ১৫ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সারারাত ধরে চলতে থাকা এনকাউন্টারে নিকেশ হয়েছে কুখ্যাত একজন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদী হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য ছিল বলে জানা গিয়েছে। নিহত জঙ্গির নাম-ফিরোজ আহমেদ দার। বাড়ি জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায়। ২০১৭ সালে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল ফিরোজ, বহু সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিল এই জঙ্গি। পুলওয়ামা জেলার রাজপোরা এলাকার উজরামপাথরিতে এনকাউন্টারে নিকেশ হয়েছে ওই জঙ্গি।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সূত্র মারফত জানা যায়, পুলওয়ামা জেলার রাজপোরা এলাকার উজরামপাথরিতে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পাওয়ার পর মঙ্গলবার গভীর রাত থেকেই ওই এলাকায় চিরুনি তল্লাশি চালায় সুরক্ষা বাহিনী। প্রবল ঠাণ্ডার মধ্যেই, রাতের অন্ধকারে চলতে থাকে অভিযান। সারারাত চলতে থাকে সংঘর্ষ, এরপর বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এনকাউন্টারে এক জঙ্গি নিকেশ হয়েছে। এখনও অভিযান জারি রয়েছে।

