লখনউ, ১৫ ডিসেম্বর (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মহাসমারোহে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনের পর গেরুয়া শিবিরের ফোকাস অযোধ্যা। বিজেপি শাসিত ১২টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ৩ জন উপমুখ্যমন্ত্রী বুধবার অযোধ্যার রামমন্দিরে গিয়ে পুজো দেবেন। রাম লালার জন্মস্থানে সম্ভবত এই প্রথম বিজেপির এতজন মুখ্যমন্ত্রীর সমাবেশ।
রাজনৈতিক মহলের মতে, অত্যন্ত সচতুরভাবেই উত্তরপ্রদেশে ভোটের আগে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন কর্মসূচি সাজিয়েছে বিজেপি। বিধানসভা ভোটে বিজেপি যে হিন্দু তাস খেলবে, প্রধানমন্ত্রীর দু’দিনের ঠাসা কর্মসূচিতে তা প্রমাণ হয়ে গিয়েছে। যেভাবে তিনি মন্দিরে মন্দিরে ঘুরেছেন, গঙ্গাস্নান করেছেন, সনাতন হিন্দু ধর্মের কথা বলেছেন, একই সঙ্গে ঔরঙ্গজেব-সহ মুসলিম শাসকদের অত্যাচারের কথা বলেছেন, তাতে বিজেপির হিন্দুত্ববাদের জিগিরই প্রবল হয়ে উঠেছে।
কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনের মাধ্যমে ভোটের নরেন্দ্র মোদীর পর এবার ময়দানে নামানো হল একডজন মুখ্যমন্ত্রীকে। বুধবার অযোধ্যা জুড়ে রয়েছে তাঁদের ঠাসা কর্মসূচি। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, গুজরাত, হরিয়ানা এবং গোয়ার মুখ্যমন্ত্রীরা৷ সকলেই উঠেছেন পঞ্চশিল হোটেলে। সেখান থেকে তাঁরা রওনা দেবেন অযোধ্যা। মুখ্যমন্ত্রীদের সঙ্গেই যোগ দেওয়ার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশবচন্দ্র মৌর্যের। ওই একই সময়ে অযোধ্যার রাম কথা পার্কে পৌঁছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

