মেরঠ, ১১ ডিসেম্বর (হি.স.): সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা প্রয়াস-এই মন্ত্রেই বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি হল গণতন্ত্রের পূজারী। শনিবার উত্তর প্রদেশের মেরঠে ‘বুথ অধ্যক্ষ সম্মেলন কর্মসূচি’-তে অংশ নিয়ে একথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপি কর্মীদের ভূয়সী প্রশংসা করে জে পি নাড্ডা বলেছেন, “যখন করোনাকাল শুরু হয়েছিল তখন সমস্ত রাজনৈতিক দল আইসোলেশনে চলে গিয়েছিল, কিন্তু বিজেপি কর্মীরা নিজেদের জীবন হাতে নিয়ে দেশের সেবায় বেরিয়ে পড়েছিলেন। সংগঠনের বিকাশ, সংগঠনের বিস্তার, আদর্শকে সর্বনিম্ন স্তরে নিয়ে যাওয়ার কাজ করেছেন বিজেপি কর্মীরা। আপনাদের মধ্যে যে উদ্যম, আনুগত্য এবং সংগ্রাম করার ইচ্ছা আমি দেখতে পাচ্ছি, আমি নিশ্চিত বিজেপি কর্মীরা দলকে অবশ্যই জয় এনে দেবেন।”
নাড্ডা এদিন বলেছেন, “সমস্ত রাজনৈতিক দল কোনও না কোনও জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভোটব্যাঙ্কের রাজনীতি করে। এটা দেশের জন্য বড় ঝুঁকি। বিজেপি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াসে’ বিশ্বাস করে।” বিরোধীদের খোঁচা দিয়ে নাড্ডা বলেছেন, “আমরা গণতন্ত্রের পূজারী। কিন্তু তারা দাঙ্গার পূজারী। উত্তর প্রদেশে বিজেপির সরকারের আগে, পাঁচ বছরে উত্তর প্রদেশে ৭০০-রও বেশি দাঙ্গা হয়েছিল, ১১২ জন প্রাণ হারিয়েছিলেন।” এদিন যোগী আদিত্যনাথ সরকারেরও ভূয়সী প্রশংসা করেছেন নাড্ডা।

