নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ ডিসেম্বর৷৷ দুই সহকর্মীকে সার্ভিস রাইফেলের গুলিতে খতম করার ঘটনায় যুক্ত ঘাতক টিএসআর জওয়ান সুকান্ত দাসকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড দিল আদালত৷ গতকাল কোনাবন ক্যাম্পেই খুন হয়েছিলেন সুবেদার মার্ক হাসিন জমাতিয়া এবং নায়েক সুবেদার কিরণ কুমার জমাতিয়া৷
উর্ধতন কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করে তাতে সাড়া না পেয়ে মানসিক অবসাদপ্রাপ্ত হয়ে কর্মরত অবস্থায় দুই সহ মীকে নিজের বন্দুক থেকে গুলি করে হত্যা করলো এক টি এস আর জওয়ান৷ যদিও অভিযুক্ত জওয়ান সুকান্ত দাস ঘটনার পর মধুপুর থানায় নিজেই আত্মসমর্পণ করে৷ ঘটনা শনিবার সকালে মধুপুর থানাধীন কোনাবন জিজি এস ও এন জেসিতে৷ এই চাঞ্চল্যকর ঘটনায় নিহত হয়েছিলেন মার্ক হাসিন জমাতিয়া এবং কিরণ কুমার জমাতিয়া নামে দুই টি এস আর জওয়ান৷ এদিকে শনিবার রাতেই রঙ্গদুলাল দেববর্মা নামে এক টি এস আর জওয়ান অভিযুক্ত জওয়ান সুকান্ত দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে মধুপুর থানায়৷ সেই অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয় মধুপুর থানায়৷ মামলা নম্বর মধুপুর থানা ২০/ ২০২১৷ মামলা হয়ে আইপিসির ৩০২ ধারা এবং অস্ত্র আইনের ২৭ ধারাতে৷ মধুপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তার করে৷ রবিবার মধুপুর থানার পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে অভিযুক্ত জওয়ান সুকান্ত দাসকে বিশালগড় আদালতে তুলে৷ যথারীতি মাননীয় আদালত অভিযুক্ত সুকান্ত দাসকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী৷

