তামিলনাড়ুতে বৃষ্টিতে মৃত্যু ৮ জনের, বৃষ্টিতে জলমগ্ন চেন্নাইয়ের নানা স্থান

চেন্নাই, ২৭ নভেম্বর (হি.স.): তামিলনাড়ুতে বৃষ্টি দুর্যোগে প্রাণ হারালেন ৮ জন। ৮ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে শুক্রবারই। এছাড়াও বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাইয়ের বিভিন্ন প্রান্ত। চেন্নাইয়ের মোট ২২০টি স্থান জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টির জলে। শনিবার তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে কে এস এস আর রামচন্দ্রণ জানিয়েছেন, তামিলনাড়ুতে বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৮ জনের, শুক্রবারই মৃত্যু হয়েছিল ৩ জনের। চিঙ্গেলপেটে এনডিআরএফ-এর দু’টি টিম এবং কাঞ্চিপুরমে এনডিআরএফ-এর একটি টিম মোতায়েন করা হয়েছে।
মন্ত্রী কে কে এস এস আর রামচন্দ্রণ আরও জানিয়েছেন, “চেন্নাইয়ের ২২০টি স্থানে জল জমে গিয়েছে, ৩৪টি স্থানে ইতিমধ্যেই জল নেমে গিয়েছে। অন্যস্থান থেকে পাম্পিংয়ের সাহায্যে জল নামানোর কাজ চলছে।” বৃষ্টিতে এমনিতেই বেহাল অবস্থা, এমতাবস্থায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ নভেম্বর অবধি বৃষ্টি হবে তামিলনাড়ুতে, তাও আবার ভারী বৃষ্টি!