কলকাতায় ফের পারদ পতন, খানিকটা ফিরল শীতের আমেজ

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): কলকাতায় ফের কমল তাপমাত্রার পারদ। তাপমাত্রা কমতেই ফিরল শীতের আমেজ, তবে ঠান্ডা খুব বেশি অনুভূত হয়নি। কলকাতায় একধাক্কায় দুই ডিগ্রি নামল পারদ। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী কিছুদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটিমুটি শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ১-২ দিনের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে মনে করছে আবহবিদরা।


আগামী সপ্তাহে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। সেক্ষেত্রে মঙ্গলবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কালিম্পং-এর কয়েকটি জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।