নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): বৃহ্ত্তম গণতন্ত্র ও ডিজিটাল নেতা হিসাবে, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। সিডনি সংলাপে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সিডনি সংলাপে অংশ নেন প্রধানমন্ত্রী। সিডনি সংলাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ক্ষমতা এবং নেতৃত্বকে নতুন রূপ দিচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতা। অগ্রগতি ও সমৃদ্ধির সুযোগের একটি নতুন যুগের সূচনা করেছে। আমরা পরিবর্তনের সময়ে আছি, যা একটি যুগে একবারই আসে। ডিজিটাল যুগ আমাদের চারপাশের সবকিছু বদলে দিচ্ছে। রাজনীতি, অর্থনীতি এবং সমাজকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। সার্বভৌমত্ব, শাসন, নৈতিকতা, আইন, অধিকার এবং নিরাপত্তার উপর নতুন প্রশ্ন উত্থাপন করছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “প্রযুক্তি বিশ্বব্যাপী প্রতিযোগিতার একটি প্রধান উপকরণ হয়ে উঠেছে এবং ভবিষ্যত আন্তর্জাতিক ব্যবস্থা গঠনের চাবিকাঠিও। প্রযুক্তি এবং তথ্য নতুন অস্ত্র হয়ে উঠছে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হল উন্মুক্ততা, একইসময়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের এই উন্মুক্ততার অপব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয় আমাদের। অতীতের চ্যালেঞ্জগুলিকে ভবিষ্যতের সুযোগে পরিণত করছি আমরা।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বৃহ্ত্তম গণতন্ত্র ও ডিজিটাল নেতা হিসাবে, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। ভারতের ডিজিটাল বিপ্লব আমাদের গণতন্ত্র, আমাদের জনসংখ্যা এবং আমাদের অর্থনীতির মাপকাঠিতে নিহিত। এটি আমাদের তরুণদের উদ্যোগ ও উদ্ভাবন দ্বারা চালিত। ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং দ্রুত ক্রমবর্ধমানশীল ইকোসিস্টেম রয়েছে।…ক্ষমতায়ন, যোগাযোগ, সুবিধা প্রদান এবং কল্যাণ-সহ প্রশাসনের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের জীবন পরিবর্তন করছি। ভারতে ৫টি গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন হয়েছে। আমরা বিশ্বের সবচেয়ে বিস্তৃত পাবলিক ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি।”

