নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে মারমুখী সংঘর্ষে আহত হয়েছে দুজনেই । ঘটনা সদর উত্তরের মোহনপুরের শনিতলা এলাকায়। সিধাই থানা এলাকার মোহনপুরের শনি তলা এলাকায় দুই ভাইয়ের মধ্যে মতভেদ এর জেরে সংঘর্ষে আহত হয়েছেন দুজনেই। আহতরা হল সুবোধ দেবনাথ ও অমল দেবনাথ ।
ঘটনা শনিবার গভীর রাতে। জানা যায় ছোট ভাই অমল মদ খেয়ে রাতে বাড়ি ফিরে বিশ্রী ভাষায় বড়ভাই সুবোধকে গালাগাল করলে ভাই সুবোধ লাঠি নিয়ে তার ঘর থেকে বের হলে তাদের মধ্যে মারপিট হয়। উভয় পক্ষ দা নিয়ে একে অপরের উপর আঘাত করতে থাকলে রক্তাক্ত হয় দুজনেই।
পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা এই মারমুখী সংঘর্ষ না থামাতে পারলে ঘটনা ব্যাপক রূপ নেয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোহনপুর ফায়ারস্টেশনের কর্মীরা । গুরুতর আহত অবস্থায় এই দুই ভাইকে নিয়ে আসে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা সেরে তাদের দুজনকে রাতেই আশংকাজনক অবস্থায় পাঠিয়ে দেয় আগরতলার জিবি হাসপাতালে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

