নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। জেআরবি গ্রুপ ডি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় পরীক্ষা কেন্দ্রের দুই ফটকে তালা মেরে বিক্ষোভ প্রদর্শন পরীক্ষার্থীদের। ঘটনা কৈলাসহরের নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার রাজ্যের প্রতিটি জেলাতেই জেআরবি গ্রুপ ডি পরীক্ষা গ্রহণ করা হয়। করণা পরিস্থিতিতে যাবতীয় বিধি-নিষেধ মেনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। কিছু কিছু পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে না পারায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এধরনের একটি ঘটনা ঘটেছে ঊনকোটি জেলার কৈলাসহরে।
জানা যায়, দুর্যোগ এবং যানজটের কারণে ট্রাফিক জ্যাম হয় কিছুসংখ্যক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে পারেনি। তারা যখন পরীক্ষাকেন্দ্রে পৌঁছায় তখন পরীক্ষা শুরু হয়ে গেছে। কেউ কেউ পাচঁ মিনিট, আবার কেউ কেউ তিন মিনিট পর পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছায়। পরীক্ষা কেন্দ্রে প্রকাশের জন্য তারা অনুরোধ জানায়। ঊনকোটি জেলার কৈলাসহর নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২০৮ জন, যার মধ্যে ১৩৮ জন পরীক্ষায় বসে, এবং ৬৫ জন অনুপস্থিত থাকে। পরীক্ষার সময়সূচি ছিল সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট সময়ের দেড় ঘন্টা পূর্বে থেকে প্রবেশের নির্দেশও ছিল। নির্ধারিত সময়ের মধ্যে যারা আসতে পারেনি তাদেরকে আটকে দেওয়া হয়েছে। অনুনয় বিনোনয় করেও তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারায় ক্ষুব্দ হয়ে পরীক্ষা কেন্দ্রের ফটকে তালা ঝুলিয়ে দেয়।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ ও টিএস আর বাহিনী।ছুটে আসেন ডিসিএম মানস মুড়াসিং সহ অন্যান্যরা।
শুক্রবার ছিল জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত জেআরবি গ্রুপ ডি পরীক্ষা।ক্ষুব্দ পরীক্ষার্থীদের তালা বন্ধের ফলে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পরেও ভেতরে আটকে থাকতে হয় ১৩৮ জন পরিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের। দুপুর একটা নাগাদ কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী ডিসিএম মানস মুড়াসিং এর উপস্থিতিতে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অন্যান্য পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের অবরোধমুক্ত করে।



















