Messi free from curse : কোপা আমেরিকা কাপ জয়ের সঙ্গে শাপমুক্ত হলেন লিওনেল মেসি

রিও ডি জেনেইরো, ১১ জুলাই (হি.স.): একসময়ে এই কোপা কাপ মেসিকে খেলা ছাড়িয়েছিল, আবার এই কাপ জয়ে এবার শাপমুক্ত মেসি। সাল ২০১৬। চিলির বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে হারতে হয় লিওনেল মেসির আর্জেন্টিনার। চরম হতাশায় বিশ্ব ফুটবলকে ম্লান করে রাজপুত্র ঘোষণা করলেন দেশের হয়ে আর ফুটবল খেলবেন না। অবাক হলেন সমর্থকরাও।

সাল ২০২১। ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়ে ট্রফি জিতল লিওনেল মেসির আর্জেন্টিনা। বহু ইতিহাসের সাক্ষী মারাকানা স্টেডিয়াম। আবারও এক ইতিহাস। এক শাপমুক্তি। আবেগে ভাসল ফুটবল বিশ্ব। আনন্দে মাতোয়ারা সমর্থকরা।
রবিবার ভোরে দুই দল যখন জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়িয়ে, মেসির মুখ দেখে বোঝার উপায় নেই কী চলছে তাঁর মনে। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার আগে একে অপরের কাঁধে হাত রেখে আরও কাছাকাছি চলে এলেন মেসিরা। গাইতে শুরু করলেন জাতীয় সঙ্গীত। প্রথম আবেগ ফুটে উঠল মেসির মুখে। দেশের জন্য ট্রফি জিততে মরিয়া মনে হল তাঁকে।

খেলার শুরু থেকেই মেসিকে আটকে রেখেছিলেন ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড়রা। তাঁর পায়ে বল গেলেই তিন-চার জন ঘিরে ধরেছেন তাঁকে। বার বার আটকে যেতে দেখা গিয়েছে মেসিকে। ৩২ মিনিটের মাথায় ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনাসকে আড়াল করে একটা শট নিয়েছিলেন মেসি। তবে তা গোলের মধ্যে রাখতে পারেননি। প্রথমার্ধ শেষ হওয়ার মুখে জিয়োভানি লো সেলসোকে সঙ্গে নিয়ে ব্রাজিলের বক্সে সুযোগ তৈরি করছিলেন মেসি। ৬৫ মিনিটের মাথায় ফের সুযোগ আসে। মারকুইউনাসের ভুলে বল পেয়ে গিয়েছিলেন মেসি। পাশে ছিলেন ফাইনালের এক মাত্র গোলদাতা অ্যাঙ্খেল দি মারিয়া। কিন্তু তাঁকে বল বাড়াতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক।
পাঁচ বছর পর দি মারিয়ার গোল ট্রফি এনে দিল মেসিকে। আন্তর্জাতিক ট্রফি ছুঁলেন মেসি। ১৯৯৩ সালের পর ফের কোপা জয় আর্জেন্টিনার। ২৮ বছর পর আন্তর্জাতিক মঞ্চে ট্রফি জয়। সেই শাপমুক্তি ঘটল মেসির হাত ধরেই। আন্তর্জাতিক ট্রফি নেই বলে নিন্দুকদের সমালোচনা শুনতে হয়েছে বার বার। এবার সেই সব কিছুর জবাব ২০২১ সালের কোপায় দিলেন তিনি।