Bihar Education : বিহারে উন্মুক্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, টিকা নিলেই অফিসে প্রবেশে অনুমতি

পাটনা, ৫ জুলাই (হি.স.): বিহারে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলার গ্রিন সিগন্যাল দিয়েই দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে, আপাতত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হবে। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে বিহারে খোলা যাবে বিশ্ববিদ্যালয় ও কলেজ। একই নিয়মে খুলবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল। স্বাভাবিকভাবেই কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি অফিসে। ভ্যাকসিন নিলেই অফিসে প্রবেশের অনুমতি মিলবে। ৫০ শতাংশ ক্যাপাসিটি নিয়ে খোলা যাবে রেস্তোরাঁ ও খাবারের দোকান।

সোমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার টুইট করে জানিয়েছেন, করোনা-পরিস্থিতি সমীক্ষার পর সমস্ত সরকারি, বেসরকারি অফিসে স্বাভাবিকভাবে কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা নিলেই অফিসে প্রবেশ করা যাবে। টুইটারে নীতীশ আরও জানান, বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী প্রশিক্ষণ ইনস্টিটিউট, একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলি ৫০ শতাংশ শিক্ষার্থীদের উপস্থিতিতে খুলবে। ৫০ শতাংশ ক্যাপাসিটি নিয়ে খোলা যাবে রেস্তোরাঁ ও খাবারের দোকান।