যোধপুর, ৫ জুলাই (হি.স.): রাজস্থানের যোধপুরে ট্রাক ও বোলেরো গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন মোট ৬ জন। রবিবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে যোধপুর জেলার মান্ডোর তেহসিলের অন্তর্গত ডাঙ্গিয়াওয়াস গ্রামের কাছে। মৃতরা সকলেই আজমের জেলার বাসিন্দা। যোধপুরের ডিসিপি (পূর্ব) ভুবনভূষণ যাদব জানিয়েছেন, রবিবার গভীর রাতে মান্ডোর তেহসিলের অন্তর্গত ডাঙ্গিয়াওয়াস গ্রামের কাছে একটি বোলেরো গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর পৌঁছে যায় পুলিশ। ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একজনের চিকিৎসা চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য এমডিএম হাসপাতালে রাখা হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের প্রত্যেকের বাড়ি আজমের জেলায়।

