Murder in Tripura : গরু চোর সন্দেহে গণধোলাই কান্ডে নিখোজ যুবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ জুলাই (হি. স.) : সম্প্রতি ত্রিপুরায় গরু চোর সন্দেহে গণধোলাইয়ে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তাঁদের সঙ্গী অপর এক যুবক ঐদিন থেকে নিখোজ ছিলেন। আজ তার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। খোয়াই জেলা পুলিশ সুপারের কথায়, গণধোলাই কান্ডে ধৃতের জবানবন্দী থেকেই আজ মৃতদেহ উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জুন ত্রিপুরায় গরু চোর সন্দেহে মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারাণী এলাকায় স্থানীয় জনগণ তিন যুবক-কে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তাদের সাথে আরও এক যুবক সেলিম মিয়া ওরফে হৃদয়(১৬) ছিলেন। তাঁকে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ মুঙ্গিয়াকামি থানাধীন উত্তর মহারানী শুভারাম পাড়ার গভীর জঙ্গল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, ওই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে রিপন দেববর্মাকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ শনিবার অটোচালক দিনু কুমার দেববর্মা (৩২)-কে আটক করেছে। তার জবানবন্দী থেকেই পুলিশ উত্তর মহারানী শুভারাম পাড়ার গভীর জঙ্গল থেকে উদ্ধার করেছে সোনামুড়ার বড়দোয়াল এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে সেলিম মিয়া ওরফে হৃদয় (১৬)-র মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুঙ্গিয়াকামী থানার ও.সি, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, খোয়াই জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে, অ্যাডিশনাল এস.পি রাজীব সেনগুপ্ত সহ অন্যান্যরা। পুলিশ সেলিম মিয়ার মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনা সম্পর্কে খোয়াই জেলা পুলিশ সুপার ড. কিরণ কুমার কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পুলিশ দিনু কোমার দেববর্মাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে তাকে খুন করে মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে। সেই মোতাবেক বিশাল পুলিশ, টি.এস.আর ও সি.আর.পি.এফ-র দল মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানী এলাকার শুভারাম পাড়ার গভীর জঙ্গলে মাটির নিচ থেকে উদ্ধার করেছে সেলিম মিয়ার মৃতদেহ।