Amir-Kiran Divorce : বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন আমির খান ও কিরণ রাও

মুম্বাই, ৩ জুলাই (হি. স.) : দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি আমির খান এবং কিরণ রাও। শনিবার সকালে সামাজিক মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে ওই তারকা দম্পতি একথা স্পষ্ট করেন। যৌথ ভাবে দু’জনে ছেলে আজাদের দেখভালের দায়িত্ব পালন করবেন, জানিয়েছেন সে কথাও।

যৌথ বিবৃতিতে অমির-কিরণ জানান, ‘এই ১৫ বছর ধরে হাসি-মজায় আমরা বহু স্মরণীয় মুহূর্ত কাটয়েছি। বিশ্বাস, সম্মান ও ভালবাসায় আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। এবার আমরা জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করতে চাই। তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়, অভিভাবক এবং পরস্পরের পরিবার হিসেবে।’ তাঁরা আরও লেখেন, ‘বহুদিন ধরেই আমরা বিচ্ছেদ পরিকল্পনা করছিলাম। এখন আমরা এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, আগামী জীবন আলাদা ভাবে কাটাবো। তবে ছেলে আজাদের জন্য অভিভাবকের দায়িত্ব পালনে কোনও খামতি রাখব না। যৌথ লালনপালনে তাকে বড় করে তুলব। চলচ্চিত্র, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য় প্রজেক্টে আমরা একসঙ্গেই আগের মতোই কাজ করব।’ শেষে তাঁদের পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান আমির খান ও কিরণ রাও। পাশাপাশি অনুরাগীদের কাছে তারকা দম্পতির অনুরোধ, এই বিবাহবিচ্ছেদকে তাঁদের সফরের শেষ হিসেবে নয়, বরং নতুন এক সফরের শুরু হিসেবে দেখতে।


প্রসঙ্গত, ২০০২ সালে প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আমির খানের। এরপর ‘লগন’ ছবির সেটে কিরণের সঙ্গে আমিরের প্রথম পরিচয় হয়। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। সারোগেসির মাধ্যমে ২০১১ সালে তাঁদের একটি ছেলেও হয়। তার নাম আজাদ রাও খান। এবার ১৫ বছর বাদে এবার বিবাহবিচ্ছেদ। তবে, এই সিদ্ধান্ত হটকারী নয়। আগামীদিনের কথা ভেবে অনেক আলোচনা শেষে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন।