Tokyo Olympics : টোকিওর পথে দ্যুতি চাঁদ, অলিম্পিক্সে যাচ্ছেন সাঁতারু মানা প্যাটেলও

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): অবশেষে শিকে ছিঁড়ল! একেবারে শেষ মুহূর্তে দ্যুতি চাঁদের সামনে খুলে গেল টোকিও অলিম্পিক্সের দরজা। সরাসরি কোয়ালিফাই না করলেও অবশেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জেতার সুযোগ পেয়ে গেলেন দেশের এই তারকা স্প্রিন্টার। এই র‌্যাঙ্কিং অনুযায়ী ১০০ মিটারে ৪১ নম্বর স্থানে ও ২০০ মিটারে ৫০ নম্বর স্থানে থাকায় ব্যক্তিগত ১০০ ও ২০০ মিটার ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন দ্যুতি।

এই নিয়ে ব্যক্তিগত ইভেন্টে মোট ১৫ জন ভারতীয় অ্যাথলিট টোকিও অলিম্পিক্সে অংশ নিচ্ছেন। দ্যুতির মতোই বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিক্সে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি ও ৪০০ মিটার হার্ডলার এমপি জাবির। প্রথম মহিলা ও তৃতীয় ভারতীয় সাঁতারু হিসেবে অলিম্পিক্সে যাচ্ছেন ব্যাকস্ট্রোক সাঁতারু মানা প্যাটেল। অলিম্পিক্সে অংশ নিতে পারায় দ্যুতি, মানাদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।