ফ্লয়েড হত্যায় ডেরেকের সাড়ে ২২ বছরের সাজা, উপযুক্ত আখ্যা বাইডেনের

ওয়াশিংটন, ২৬ জুন (হি.স.): দোষী সাব্যস্ত করা হয়েছিল কয়েক মাস আগেই। আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের খুনের মামলার অপরাধী প্রাক্তন পুলিশ অফিসার ডেরেক শভিনকে সাড়ে ২২ বছর জেলের সাজা ঘোষণা করল আমেরিকায় মিনেসোটা প্রদেশের মিনিয়াপোলিস আদালত। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার ২২.৫ বছরের জন্য জেলের সাজা ঘোষণা করা হয়েছে। সাজা ঘোষণার পর ফ্লয়েডের পরিবারকে ‘সমবেদনা’ জানিয়েছেন ডেরেক, কিন্তু ক্ষমা চাননি। ডেরেক শভিনের ৩০ বছরের সাজার আবেদন জানানো হলেও বিচারক পিটার কাহিল তা খারিজ করেন। যদিও এ ক্ষেত্রে অপরাধীর প্রতি কোনও সহমর্মিতা দেখানো হচ্ছে না বলে জানান তিনি।
গত এপ্রিলে ১২ সদস্যের জুরি বোর্ড ‘অনিচ্ছাকৃত খুন’, ‘অসতর্কতা থেকে খুন’ এবং ‘নরহত্যা’-র অভিযোগে ডেরেক শভিনকে দোষী সাব্যস্ত করেছিল। ২০২০ সালের ২৫ মে মিনিয়াপোলিসের একটি দোকানে গিয়েছিলেন বছর ৪৬-এর ফ্লয়েড। অভিযোগ, দোকানে একটি ২০ ডলারের জাল নোট চালানোর চেষ্টা করেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ আসে। দোকানের সামনে ফ্লয়েডকে আটকান শভিন-সহ তিন পুলিশ। তারপর তাঁকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার গলা চেপে ধরেন অফিসার শভিন। প্রায় সাড়ে ৯ মিনিট এ ভাবেই ফ্লয়েডকে চেপে ধরে রেখেছিলেন তিনি। ফ্লয়েড বারবার বলেছিলেন তিনি শ্বাস নিতে পারছেন না, একদম নিশ্চুপ হয়ে যাওয়ার পরে ফ্লয়েডকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু ও বর্ণবিদ্বেষ বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্রায় গোটা আমেরিকা। বহু আলোচিত এই মামলায় চলতি বছরের এপ্রিল মাসে ডেরেককে দোষী সাব্যস্ত করে আমেরিকার আদালত। প্রাক্তন পুলিশ অফিসার ডেরেক শভিনের জেলের সাজা ঘোষণার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ‘যথার্থ’। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, “কোন পরিস্থিতি বিবেচনা করা হয়েছে, তা আমি জানি না, আমার মতে উপযুক্ত হয়েছে।”