রাজ্যে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে মন্থন, নতুন চমক আসন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রাজ্য মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের পালে হাওয়া দিয়ে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও বিধায়ক সুশান্ত চৌধুরী মন্ত্রীত্ব পেতে চলেছেন, এমনটাই দাবি সূত্রের৷ শুধু তাই নয়, তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত বিধায়কের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা প্রবল বলে মনে হচ্ছে৷ কিন্তু সবচেয়ে বিস্ফোরক ঘটনা হবে, অধ্যক্ষ পদে নতুন মুখ আসতে পারে৷ এক্ষেত্রে বাদ পড়বেন রেবতি মোহন দাস, খবর সূত্রের৷


আজ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনার জন্য ক্ষমতাসীন বিজেপি বিধায়করা রাজ্য বিধানসভা ভবনের হল ঘরে রুদ্ধদ্বার সভা করেছেন৷ আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকে ক্ষমতাসীন বিজেপির ২৬ জন বিধায়ক অংশ নিয়েছেন৷ বিধায়করা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতি তাদের বিশ্বাস ও আস্থা জাহির করেছেন এবং রাজ্যের উন্নয়নে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিধায়কদের তাদের নিজস্ব নির্বাচনী ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি তদারকি করা এবং সরকারী প্রকল্পগুলি সুবিধাভোগীদের মধ্যে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন৷
বৈঠকের পরে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন, আজকের বৈঠক ফলপ্রসূ ছিল এবং সরকারী প্রকল্পসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে৷


শ্রী ভৌমিকের কথায়, আমরা সাংগঠনিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি এবং বিধায়কদের সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে যার মধ্যে মুখ্যমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন৷
এদিকে, বাধারঘাট বিধানসভার বিধায়িকা মিমি মজুমদার রাজ্য নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনের খণ্ডন করেছেন এবং বলেছেন, একমাত্র ব্যক্তি যিনি রাজ্য পরিচালনা করতে সক্ষম তিনি হলেন বিপ্লব কুমার দেব এবং সমস্ত বিধায়ক তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন৷
তবে প্রত্যাশা অনু্যায়ী প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন বৈঠকে অনুপস্থিত ছিলেন এবং তাঁর অনুগামীদের মধ্যে আরও দুজন বিধায়ক আজকের সভায় যোগ দেননি৷ তাতে সহজেই আন্দাজ করা যাচ্ছে যে পদ্ম শিবিরে মতভেদ রয়েছে৷ ফলে সবকিছু ঠিকঠাক আছে, এমনটা মনে করার সুযোগ নেই৷
সুদীপ রায় বর্মণ সম্প্রতি বিজেপির শীর্ষ নেতাদের সাথে দেখা করতে নয়াদিল্লি সফর করেছেন৷ তবে দিল্লীর বৈঠকের ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি৷ সূত্রের দাবি, সুদীপ রায় বর্মনকে বলা হয়েছে মন্ত্রিসভায় যোগ দিন নতুবা দিল্লীর কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে পরবর্তী বার্তা না আসা পর্যন্ত অপেক্ষা করুন৷