নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): বিগত কিছু দিন ধরে শুধুই কমছিল কোভিড-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা, অনেক দিন পর ভারতে ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত্যুও কিছুটা বাড়ল। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৫০,৮৪৮ জন, এই সময়ে ভারতে প্রাণ হারিয়েছেন ১,৩৫৮ জন করোনা-রোগী। মঙ্গলবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৬৮ হাজার ৮১৭ জন। এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৯,৩২৭ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৬,৪৩,১৯৪ জন (২.১৪ শতাংশ)। ৮২ দিন পর দেশে এতটা কমল সক্রিয় রোগীর সংখ্যা।
কোভিড টিকাকরণ দ্রুততার সঙ্গে চলছে ভারতে, বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ২৯,৪৬,৩৯,৫১১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৫৪,২৪,৩৭৪ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৫৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৯০,৬৬০ জন (১.৩০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,০১,০৫৬। নতুন করে ৫০,৮৪৮ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০০,২৮,৭০৯।

