কলকাতা, ৯ জুন (হি. স.) : ভালই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । গত বেশ কয়েকদিনে শরীরে নতুন করে আর কোনও সমস্যা তৈরি হয়নি। তাই বুধবারই নার্সিংহোম থেকে বাড়ি ফিরবেন বুদ্ধবাবু। দুপুরের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রের খবর।
গত বুধবার থেকে সিআইটি রোডের ওই নার্সিংহোমে সস্ত্রীক রয়েছেন বুদ্ধবাবু। তার আগে ভর্তি ছিলেন উডল্যান্ডস হাসপাতালে। ২ জুন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সস্ত্রীক বাড়ি ফেরেননি তিনি। বুদ্ধবাবু ও তাঁর স্ত্রী দুজনেই গুরুতর অসুস্থ ছিলেন। তাঁদের দেখভাল করাটা বাড়িতে সমস্যাজনক। বাড়িতে একা ছিলেন তাঁর মেয়ে। অন্যদিকে, উডল্যান্ডস হাসপাতালের খরচ অত্যাধিক বেশি। সেকথা মাথায় রেখেই দলেরই এক চিকিৎসকের নার্সিংহোমে থাকছিলেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়ার সময়েও তিনি ইন্টারমিটেন্ট বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। শুকনো কাশির যে সমস্যা দেখা দিয়েছিল, তাও নিয়ন্ত্রণে চলে আসে। চিকিৎসকরা জানিয়েছেন, এখন ভাল আছেন তিনি। এক্স-রে করেও দেখা হয়েছে। নতুন কোনও সমস্যা হয়নি তাঁর। বুদ্ধবাবু এখন সম্পূর্ণ করোনামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই তাঁর আর নিভৃতবাসে থাকার প্রয়োজন নেই। এখন পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরছেন তিনি।

