নয়াদিল্লি, ২ জুন (হি.স.): জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র। বুধবার এনএইচআরসি-র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ কুমার মিশ্র। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এইচ এল দাত্তু, ২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর থেকেই চেয়ারম্যান পদ খালি হয়ে পড়েছিল।
অবশেষে বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র। একজন প্যানেল সদস্যও যোগ দিয়েছেন। ২০১৪ সালের ৭ জুলাই শীর্ষ আদালতে যোগ দেন অরুণ কুমার মিশ্র, ২০২০ সালের সেপ্টেম্বরে অবসর নেন তিনি। অন্যদিকে, ২০১৫ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার পর ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি এনএইচআরসি-তে যোগ দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এইচ এল দাত্তু।

